চাঁদ মিশনে নির্বাচিত স্পেসএক্স

১৭ এপ্রিল, ২০২১ ০১:৫৯  
১৯৭২ সালে অ্যাপোলো প্রোগ্রাম শেষ হওয়ার পর ২০২৪ সালে পুনরায় চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে নাসা। এই লক্ষে নভোযান তৈরি করতে ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্স’কে নির্বাচিত করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি। ব্লু অরিজিন এবং ডায়নেটিক্সকে টেক্কা দিয়ে দুই দশমিক ৯ বিলিয়ন ডলারের আর্টেমিস লুনার ল্যান্ডার তৈরির প্রকল্পটি লুফে নিয়েছে স্পেসএক্স। যদিও এর আগে ধারণা করা হয়েছিলো যে, নাসা এই প্রকল্পের জন্য দুইটি কোম্পানিকে নির্বাচিত করতে পারে। মূলত প্রতিযোগিতা তৈরি হওয়া ও একাধিক সুযোগ নিশ্চিত করতে নাসা একের অধিক কোম্পানিকে নির্বাচিত করতে চেয়েছিলো। গতবছর প্রাথমিক ধাপে তিনটি কোম্পানিকে নির্বাচিত করা হলেও অবশেষে স্পেসএক্সই পাচ্ছে পুরো কাজটি। স্পেসএক্স বর্তমানে পুনরায় ব্যবহারযোগ্য নভোযান পরীক্ষায় সমস্যার সম্মুখীন হলেও দ্রুতই সেটি সমাধান হবে বলে আস্থা আছে নাসার। ইতিমধ্যে নাসার সাথে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে স্পেসএক্সের। ২২ এপ্রিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরবর্তী মিশন পরিচালিত হবে। ডিবিটেক/বিএমটি